২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

মাদারগঞ্জে ব্র্যাকের মাঠকর্মীর বিরুদ্ধে গ্রাহকদের লাখো টাকা আত্মসাতের অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্ন

সৈয়দ এনামুর রকিব (জামালপুর) :
জুন ২৭, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক মাঠকর্মীর বিরুদ্ধে ক্ষুদ্রঋণ কর্মসূচির গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে ওই মাঠকর্মীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। এতে ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিডিও (CDO) পদে ২০২৪ সালের আগস্ট মাসে যোগ দেন আশা আক্তার (৩০)। তিনি উপজেলার গাবেরগ্রাম, তারতাপাড়া ও জোড়খালী এলাকার ক্ষুদ্রঋণ কার্যক্রমের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি গ্রাহকদের ঋণ বিতরণ ও কিস্তি আদায়ের কাজ করতেন।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, গত প্রায় দুই মাসে তিনি শতাধিক গ্রাহককে ঋণ পাইয়ে দেওয়ার পর প্রত্যেকের কাছ থেকে ঋণের প্রায় অর্ধেক টাকা ব্যক্তিগতভাবে ধার নেন। অভিযোগ রয়েছে, এক লাখ টাকা ঋণ পাওয়া কোনো সদস্যের কাছ থেকে ৫০ হাজার টাকা ব্যক্তিগতভাবে নিয়ে উচ্চ মুনাফায় বিনিয়োগের আশ্বাস দিতেন। এভাবে একজন সদস্যের মাধ্যমে অন্য সদস্যদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে।

গ্রাহকদের ভাষ্য, গত ২৪ জুন ২০২৬ থেকে আশা আক্তারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্র্যাকের মাদারগঞ্জ শাখার ব্যবস্থাপক মাজারুল আলম বলেন, “গত ২৪ জুন থেকে আশা আক্তারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এদিকে, মেয়ের খোঁজে আশা আক্তারের মা মাদারগঞ্জ মডেল থানায় গেলে খবর পেয়ে সেখানে ব্র্যাকের কর্মকর্তাসহ ভুক্তভোগী গ্রাহকেরা উপস্থিত হন। এ সময় থানায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে এ ঘটনায় অভিযুক্ত আশা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।