জামালপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১, জামালপুর-২ ও জামালপুর-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ তালুকদার।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান, শওকত হাসান মিয়া এবং জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ।
এ আসনে বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর মো. ছামিউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ।
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছার, জাতীয় পার্টির মীর সামসুল আলম, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।
বাতিল প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এ এস এম শাহীনুর রহমান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জানান, তিনটি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
