২৪ বাংলাদেশ নিউজ
ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

জামালপুরে লাল রঙের লাগেজে মিলল যুবকের মরদেহ

বার্তা কক্ষ
জুন ২৩, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি লাল রঙের লাগেজের ভেতর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১২টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকার একটি পুকুরপাড় সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাছচাষি আলমাছ আলী তার মাছের প্রজেক্ট দেখতে গিয়ে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে একটি লাল রঙের লাগেজ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয় লোকজনকে ডাকেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়রা লাগেজটি দেখতে পেয়ে সন্দেহ করেন। লাগেজ থেকে দুর্গন্ধ বের হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজের ভেতর অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।