২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

বার্তা কক্ষ
জুলাই ৬, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্রাজিল সমর্থক।

রোববার (৫ জুলাই) শেষরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা কুড়িগ্রামের নিজ বাড়িতে দেখে, ব্রাজিলের হারে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে আত্মীয় এবং বন্ধুরা হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে ভর্তি আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আছদ্দি মিয়ার ছেলে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচে প্রিয় দল ব্রাজিলের খেলা নিজ বাড়িতে বন্ধু ও অন্য সমর্থকদের সঙ্গে দেখছিলেন আলমগীর হোসেন।

ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে প্রিয় দলের বিশ্বকাপ স্বপ্নভঙ্গের বেদনায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্য ও স্থানীয় সমর্থকেরা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখেন।

এ বিষয়ে হলোখানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. উমর ফারুখ বলেন,  বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হলে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় ফুটবল প্রেমিরা বড় পর্দায় খেলা উপভোগ করেন, অসুস্থ আলমগীর ব্রাজিলের অন্ধ সমর্থক সে গতকালকের খেলা শেষ রাতে হওয়ায় বন্ধু ও স্বজনদের নিয়ে বাড়িতেই খেলা দেখছিলেন, তার পছন্দের ব্রাজিল টিম পরাজিত হলে শোকে অসুস্থ হয়ে পড়ে। তাকে রাতেই হাসপাতালে ভর্তি করে তার আত্মীয় স্বজন। বর্তমানে সে মোটামুটি সুস্থ আছেন বলে তার পরিবার থেকে জেনেছি।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আলমগীর হোসেন বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে আরও কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফুটবল বা যে কোনো খেলা দেখার সময় অতিরিক্ত উত্তেজিত না হতে চিকিৎসকদের পক্ষ থেকে সবসময় সতর্ক করা হয়। বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, তাদের এ ধরনের রোমাঞ্চকর পরিস্থিতিতে বাড়তি সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।