আরেফিন সুমন,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের মহোদয়ের সাথে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩জুলাই) সকালে ইসলামপুর উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের ইউএনও ঘন্টাব্যাপী
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় ইসলামপুরে নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) শাহ মোঃ জুবায়ের বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সহযোগিতা ছাড়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম গতিশীল করা কঠিন।
তিনি আরো বলেন, জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগ জনগণের কল্যাণে কার্যকর অবদান রাখবে।
সভায় বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, তথ্য ও বিজ্ঞানপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইত্তেফাক ও ৭১ টিভির ইসলামপুর প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন, প্রতিদিনের বাংলাদেশের হোসেন রানা, জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল,২৪বাংলাদেশ নিউজের প্রতিনিধি আরেফিন সুমন, জনকন্ঠের ইসলামপুর প্রতিনিধি সৈয়দ এনামুর রফিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও উন্নয়ন-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবাগত ইউএনওও সাংবাদিকদের সব ধরনের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতাকে স্বাগত জানান এবং স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
