বগুড়া-২ আসনের সাবেক প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও বার্তা সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা বলেন, সাংবাদিকদের হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জামালপুর জেলা প্রতিনিধি মো. শাহ্ আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল বিল্লাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ভূঁইয়া, সরিষাবাড়ী প্রতিনিধি মো. আবিদ সরকার এবং ইসলামপুর উপজেলা প্রতিনিধি সুরাইয়া আক্তার সনি।
এ সময় সংহতি প্রকাশ করে মানবাধিকার কর্মী মো. শাহীন আলম, এস এম জুয়েল রানা, আমানুল্লাহ আমানসহ দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
