জামালপুরের ইসলামপুর উপজেলার চাঞ্চল্যকর নুরজাহান বেগম হত্যা মামলার রহস্য ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিহতের লুণ্ঠিত স্বর্ণ ও রূপার অলংকারও উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন—যশোরের কোতোয়ালী থানার ঝাউদিয়া পূর্বপাড়ার ইয়ামিন ওরফে সাগর (২৫), তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার পপি ওরফে জান্নাত (১৯) এবং খাদিজার মা রেহেনা আক্তার (৫২)।
এর আগে, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের বটচর এলাকায় নিখোঁজ নুরজাহান বেগমের (৭০) মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ১০ বছর আগে নুরজাহান বেগমের স্বামী মারা যান। এরপর থেকে তিনি তার ভাইয়ের বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন হঠাৎ তাকে খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং মাইকিংও করেন। পরে সন্ধ্যার দিকে পাশের বাড়ির আব্দুল সালামের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতরে তার পরনের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার পর ইসলামপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন সূত্রের ভিত্তিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং নিহতের লুণ্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
