২৪ বাংলাদেশ নিউজ
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন ও আদালত
  5. আন্তর্জাতিক
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. সারাদেশ
  10. হ-ব্রেকিং
আজকের সর্বশেষ খবর

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের 

বার্তা কক্ষ
জুলাই ৩১, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ফোন করে  সব ফাঁস  করে দেওয়ার হুমকির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে তার বিরুদ্ধে আর কোনো কথা না বলার অনুরোধ করেন। বিনিময়ে পাটওয়ারীও তার বিরুদ্ধে কোনো বক্তব্য দেবেন না বলে জানান।

রাশেদ খাঁন লেখেন,  গতকাল বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখব। 

রাশেদের দাবি, জবাবে পাটওয়ারী তাকে বলেন,  আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছেন, আর এসব করবে না। 

   

তবে একই রাতে পাটওয়ারী আবার ফোন করে তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করে দেওয়ার কথা বলেন বলে দাবি করেন রাশেদ খাঁন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সহকারী পোস্টে বলেন,  এরপর রাতে আবার কল করে বললো,  আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দিব, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দিব। 

রাশেদ খাঁন দাবি করেন, তিনি তখন পাটওয়ারীকে এসব তথ্য প্রকাশ করে দিতে বলেন। এরপর পাটওয়ারী তার ফ্ল্যাট কেনার বিষয়ে তথ্য-প্রমাণ থাকার দাবি করেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে রাশেদ খাঁন আরও লেখেন,  এরপর বললো, আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোনো ফ্ল্যাট নেই, আর কোনো দিন নাহিদ-আসিফ থেকে ১ টাকা নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও! 

পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন তিনি ভেবেছিলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী  হয়তো তার ভুল বুঝতে পেরেছে , তাই তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিনই পাটওয়ারী আগের বক্তব্য থেকে সরে গিয়ে আবারও  আবোলতাবোল  বলা শুরু করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে রাশেদ লেখেন,  গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে…। 

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। তিনি বলেছিলেন,  আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব। 

এদিকে পাটওয়ারীর বিরুদ্ধে রাশেদ খাঁনের এ অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে রাশেদের ফেসবুক পোস্টে করা অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।